শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স দেখে মুগ্ধ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

সোমবার, ২২ জুন ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ণ

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স দেখে মুগ্ধ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও সেবার মানের ভূয়সী প্রশংসা করেছেন। পরিদর্শনের সময় তিনি নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দেওয়া এক মাকে উৎসাহ দিতে এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।

 

সোমবার বেলা ১১টার দিকে তিনি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। প্রায় তিন ঘণ্টাব্যাপী পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কেন্দ্র, লেবার রুম, টয়লেটসহ প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালকের মেডিকেল অফিসার ডা. কাজী শফিউল আজম।

 

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, “দেশের অনেক হাসপাতাল আমি পরিদর্শন করেছি। কিন্তু এই হাসপাতালের মতো এত সুন্দর ও পরিচ্ছন্ন হাসপাতাল খুব কমই দেখেছি। টয়লেট থেকে শুরু করে প্রতিটি স্থান অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে। রোগীদের সেবার পরিবেশও সন্তোষজনক।”

 

পরিদর্শনের একপর্যায়ে তিনি লেবার রুমে যান। সেখানে সদ্য নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া একটি নবজাতককে কোলে নেন এবং নবজাতকের মায়ের সঙ্গে কথা বলেন। নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতে তিনি ওই মাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার এমন প্রশংসা হাসপাতালটির চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন