স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে পরিচালিত এ অভিযানে মো. রিপন (৩২) নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি ওই এলাকার বেদন মিয়ার ছেলে।
অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রভাকরদী বাজার এলাকায় নিয়মিত তদারকি ও আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অপরাধে মো. রিপনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আদালতের আদেশ অনুযায়ী দণ্ডিত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।