শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমজী বিহারী ক্যাম্পের শীর্ষ মাদক সম্রাট বাবলা গ্রেফতার হলেও অধরা সহোদর মিঠুন

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | ৮:২০ অপরাহ্ণ

আদমজী বিহারী ক্যাম্পের শীর্ষ মাদক সম্রাট বাবলা গ্রেফতার হলেও অধরা সহোদর মিঠুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনীর চিহ্নিত মাদক সম্রাট ও বৈষম্যবিরোধী মামলায় কারাগারে থাকা থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির ঘনিষ্ট সহযোগী বাবলা (৩৬) গ্রেফতার হলেও অধরা রয়েছে তার সহোদর মাদকের আরেক ডিলার মিঠুন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় বাবলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এরআগে গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদমজী বিহারী কলোনীতে অবস্থিত বাবলার মাদকের ক্লাব হিসেবে পরিচিত অফিস থেকে তাঁকে আটক করে পুলিশ। এদিকে, বাবলা ধরা পড়লেও এসময় তাঁর আরেক সহযোগী আরমান পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত বাবলা সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনীর আওয়ামীলীগ নেতা মেজর আলীর ছেলে।
এদিকে মাদক সম্রাট বাবলার আটকের খবরে আদমজী এলাকায় স্বস্তি নেমে এসেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার ওসির জিরো টলারেন্স নীতিকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামিসহ সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, চাঁদাবাজী, ছিনতাই, মারামারি, লুটতরাজের ঘটনায় তার বিরুদ্ধে কমপক্ষে ডজন খানেক মামলা রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। বাবলার বাবা আওয়ামী লীগ নেতা সিরাজ মন্ডলের সহযোগী মেজর আলীর বিরুদ্ধেও রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলা। সম্প্রতি জামিনে বেরিয়ে এসে বিহারী ক্যাম্পের অঘোষিত মাদকের সম্রাট সেজে যায় বাবলা ও তার ভাই মিঠুন। পুরো সিদ্ধিরগঞ্জ জুড়ে চলে মাদকের ডন বাবলার রমরমা ব্যবসা। এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ছিল সে। বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বাবলা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাবলাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীরা যত প্রভাবশালীই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন