আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আড়াইহাজার উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার দেবিপুরা বালুরমাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক নারীর নাম আমিরুন নেছা (৬০)। তিনি ওই এলাকার বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযান চলাকালে আমিরুন নেছার কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(২১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তার বিরুদ্ধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
তিনি বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”