আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। দীর্ঘদিন যাবৎ একটি চক্র অবৈধভাবে বিভিন্ন তারিখ ও সময় নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন সরকারি বিভিন্ন অফিসার ও জেলার বিভিন্ন শিল্পপতি সহ ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর সকাল ১১.২৮ টায় SP Narayanganj নামে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের ছবি হোয়াটস অ্যাপে ব্যবহার করে বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এর নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে ডিবিবিএল ব্যাংকের একটি অ্যাকাউন্টে পাঠানোর জন্য বলে। উক্ত বিষয়টি সাথে সাথে মোহাম্মদ হাতেম পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী কে অবহিত করেন।
অভিযোগের বিষয়টি পুলিশ সুপার মৌখিক ভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেনকে নির্দেশ প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মাহবুব হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় আড়াইহাজার থানা এলাকা থেকে ১১ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করেন । অভিযানে মো. দ্বীন ইসলাম (৩৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দ্বীন ইসলাম আড়াইহাজার থানার চৈতনকান্দা গ্রামের হোসেন আলীর ছেলে। জেলা পুলিশ বলেন, গ্রেপ্তারকৃত আসামি মো. দ্বীন ইসলাম (৩৫) কে জিজ্ঞাসাবাদে জানা যায় সে সহ তার অন্যান্য সহযোগীরা মিলে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিভিন্ন তারিখ ও সময়ে নারায়ণগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন সরকারি বিভিন্ন অফিসারদের ছবি ও নামে হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন শিল্পপতি ও ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করে আসছিল। গ্রেফতারকৃত আসামি মো. দ্বীন ইসলাম (৩৫) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় প্রতারণা ও চাঁদাবাজির ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চলমান রয়েছে।