বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লার মিথ্যা বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, সম্প্রতি আড়াইহাজার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে কালাপাহাড়িয়া ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত নেতার বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্যের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জ -২ তথা আড়াইহাজার থেকে জামায়াতের এমপি প্রার্থী কালাপাহাড়িয়া ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে আমাদের এলাকায় ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করা হয়। এবার ও তার ব্যত্যয় ঘটার সম্ভাবনা জিরো পার্সেন্ট।
কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে আমি কথিত জামায়াত নেতাকে স্মরণ করিয়ে দিতে চাই পতিত ফ্যাসিস্ট সরকারের পলায়নের পর সারাদেশের থানা ও পুলিশ ফাঁড়িতে যখন জ্বালাও পোড়াও, ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে তখনও আমরা কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র সম্পুর্ন নিরাপদ রেখেছি।
সুতরাং অসত্য, উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার এবং অনতিবিলম্বে মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে কালাপাহাড়িয়াবাসীর নিকট ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। নয়তো আপনার এই বক্তব্যের জন্য আমাদের এলাকায় আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।