নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে টেটা বিদ্ধসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্যের বিষয় নিয়ে বাহেরচর এবং কাকাইলমোড়া গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। উক্ত বিরোধের কারণে, শুক্রবার বিকেলে খাগকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লোকমান মেম্বারের নেতৃত্বে প্রায় ৫০/৬০ জন লোক টেটা, বল্লম, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আবেদ আলী প্রধানের বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা কাকাইলমোড়া গ্রামের আবেদ আলী প্রধান এবং তার ভাই গেলানী ও জিলানীর বসত ঘরসহ বেশ কয়েকটি বাড়ীঘর , একটি মুরগীর খামার , একটি রড সিমেন্টের দোকান, নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।
এ সময় হামলাকারীদেরকে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আবেদ আলী প্রধানের পক্ষের সাইদুল, মনির, জিলানী, সিদ্দিক,মঞ্জুর, মকবুল হোসেন, রাসেল, ফাহাদ, মজিবুর (মজি) সহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়। সংঘর্ষে লোকমান মেম্বারের পক্ষের ও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আড়া্হাইজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের তথ্য পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”