আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: কয়েকটি অনলাইন মিডিয়ায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শহীদসহ সংশ্লিষ্টরা। এক প্রতিবাদ বার্তায় শহীদ বলেন,
আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ কতিপয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি ও আমার সহযোগী হিসেবে খালিদ ও আনোয়ারকে জড়িয়ে রমরমা জুয়ার ব্যবসা পরিচালনার যে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সম্মানিত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কতিপয় কুচক্রী মহল আমাকে হেয় করার জন্য আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। আমার বিশ্বাস সমাজ তথা দেশের দর্পণ হিসেবে আপনারা তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করলেই আসল সত্য বেরিয়ে আসবে। তারা নিজেদের অপকর্ম ঢাকতে আমাকে ও আনোয়ারকে জড়িয়ে অপপ্রচারের অপচেষ্টা চালাচ্ছে। আমাদের আওয়ামী লীগ কর্মী হিসেবে আখ্যায়িত অথচ আমাদের বড় দুই ভাই প্রয়াত ফিরোজ আহমেদ ও ফরিদ আহমেদ কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। আমরা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে কি ধরনের নির্যাতন ও জুলুমের শিকার হয়েছি এলাকার প্রতিটি মানুষ অবগত আছেন। সুতরাং অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না।
এখানে উল্লেখ্য করতে চাই, আমাদের নিজেদের মধ্যে কিছু মান অভিমান, ভুল বোঝাবুঝি ছিল যা আমরা উভয়েই বুঝতে পেরে একতাবদ্ধ হয়েছি। এতে আমাদের বিরোধী পক্ষ হতাশ হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদেরকে মনে করিয়ে দিতে চাই তোমাদের বিগত সময়ের ইতিহাস কিন্তু আমাদের জানা আছে। নিজেদের অপকর্ম ঢাকতে আমাদেরকে আওয়ামী ট্যাগ লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন।
আমরা বিশ্বাস করি সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ কারো প্ররোচনায় ভবিষ্যতে এ ধরনের একতরফা নিউজ করে সমাজে আমাদের মানসম্মান ক্ষুন্ন করবেন না। সঠিক তথ্য প্রমাণ নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করছি।