নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নম্বর বিহীন আদালত মামলার ড্রাফ্ট কপি দেখিয়ে ভয় ভীতি প্রদর্শণের বিষয়ে অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে । ঘটনাটি উপজেলার হাইজাদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কলাগাছিয়া এলাকার।
ওই গ্রামের গাজী আব্দুর রহমান জানান, আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নই। ওই দলে আমার কোন পদ পদবীও নেই। গত ২০ জুলাই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উৎরাপুর এলাকায় বিএনপির সভাস্থলে হামলার অভিযোগে আদালতের বরাবরে ড্রাফ্ট করা একটি নম্বর বিহীন মামলার কপি এনে একটি মহল আমাকে উক্ত মামলার ২৫ নম্বর আসামী উল্লেখ করে ভয় ভীতি প্রদর্শণ করছে এবং মামলা থেকে নাম কাটানোর জন্য আমার নিকট টাকা দাবী করছে। প্রকৃত পক্ষে আদালতে তল্লাশি দিয়ে ওই মামলার কোন হদিস পাওয়া যায়নি। তা ছাড়া ড্রাফ্ট এ ঘটনার তারিখ দেয়া হয়েছে ২০-০৭-২০২৫ ইং। যা আসতে এখনো অনেক বাকী।
আব্দুর রহমান নিজেকে স্বচ্ছ এবং রাজনীতির বাইরের লোক উল্লেখ করে বলেন, আমি বিগত ইউপি নির্বাচনে সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে অংশ গ্রহণ করে ৪৫০ এর অধিক ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমার কোন দল নেই। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলের নিকট প্রতিকার চেয়েছেন।