কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে অভিনব কৌশলে মাদক (ফেন্সিডিল ও বিদেশী মদ) পরিবহণের সময় র্যাব-১১ (সিপিসি-২) এর হাতে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আরাফাত রহমান বাবু ও মিলনের তিন সহযোগী।
গত সোমবার (১৩ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৭১ বোতল ফেন্সিডিল, ৩০ বোতল বিদেশী মদ, তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও মাদক পরিবহণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পূর্ব পাড়া এলাকার শাহজাহান কবির এর ছেলে সাব্বির হোসেন সৌরভ(২১), একই এলাকার নুরুজ্জামানের ছেলে নুরে আলম সিদ্দিক(২০) ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার রাজগঞ্জ গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে আবু সাকিব অনু(২৪)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে নারায়ণগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা অভিনব কৌশল অবলম্বন করে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকে আলাদা বক্স তৈরী করে ফেন্সিডিল কুমিল্লা থেকে সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় পরিবহন করত।
র্যাব আরও জানায়,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা মিজমিজি পাগলাবাড়ি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আরাফাত রহমান বাবু ওরফে ফেন্সি বাবু ও মাদক ব্যবসায়ী মিলনের সহযোগী। বাবু ও মিলনের সেল্টারেই মূলত তারা কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন যায়গায় সরবরাহ করেন।
আরাফাত রহমান বাবু ওরফে ফেন্সি বাবু সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলা বাড়ি এলাকার কোমল বাস ড্রাইভার কুট্টি মিয়ার ছেলে। বাবুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, গত বছরের ২ এপ্রিল শুক্রবার গভীর রাতে রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মিলনসহ তার সহযোগীকে গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ১টি প্রাইভেটকার, ৩টি মোবাইল ফোন এবং ৪টি সীমকার্ড উদ্ধার করে র্যাব-৩ এর একটি দল।