স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি-সংক্রান্ত বিরোধে যুবক সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মতিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার বিকেল ৬টার দিকে নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আড়াইহাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন সোমবার সন্ধ্যায় বলেন, র্যাব-১১ মতিনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। এ মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, এর আগে একই মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরনকে (২৬) গত শনিবার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব-১১। পরদিন রোববার তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ৮ জুলাই ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় জমির সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ, বিকেলে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে সীমানার খুঁটি উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে সিয়ামের ওপর হামলা চালানো হয়।
গুরুতর আহত সিয়ামকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ৯ জুলাই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলায় দেলোয়ার হোসেন ও খাদিজা বেগমও আহত হন।
এ ঘটনায় নিহত সিয়ামের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।