স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাঘানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দদূষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বাঘানগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ১৯ ধারায় মো. মাথুর (২১)কে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় খান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আমির আলী (৪০)কে ১ হাজার টাকা এবং একই আইনের ৫১ ধারায় মেসার্স আলী হোসেন ট্রেডার্সের আলী হোসেন (৩০)কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, জনস্বার্থে আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। ভোক্তার অধিকার সংরক্ষণ এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে সংশ্লিষ্ট আইন মেনে চলার আহ্বান জানান তিনি।