নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় গত তিন মাসে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ১৫৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত মোট ৪৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিসংখ্যান ও উদ্ধার অভিযান থানা সূত্রে জানা গেছে, ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তিন মাসে ১১২টি মাদক মামলা, ২টি অস্ত্র মামলা এবং অন্যান্য আরও ৪০টি মামলা রুজু হয়েছে। অভিযানে ২১ হাজার ৬৬৪ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা, ৩ হাজার ৪৪০ পুরিয়া হেরোইন, ১১০ বোতল ফেনসিডিল ও ২৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ছাড়া প্রায় দেড় কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও মেশিন জব্দ করেছে পুলিশ।
আইনশ্ঙ্খৃলা পরিস্থিতি এলাকাবাসীর অভিযোগ, সিদ্ধিরগঞ্জে মাদকের বিস্তার বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। এর প্রেক্ষিতে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামিরা নিয়মিত গ্রেপ্তার হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, যোগদানের পর থেকেই মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। প্রতিদিন অভিযান চালিয়ে আসামিদের আদালতে পাঠানো হচ্ছে। বর্তমানে মাদক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাড়া-মহল্লায় পুলিশের একাধিক টিম নিয়মিত টহলে থাকবে এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।