নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা উপজেলা ২০২২ সালে নানা ঘটনায় একাধিকবার আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে ৪টি ঘটনায় দেশজুড়ে শিরোনাম হয় ফতুল্লা।
বুড়িগঙ্গায় ভেসে উঠল ৬ মরদেহ
৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। ঘটনার ৫ দিন পর মা ও মেয়েসহ ৬ জনের মরদেহ ভেসে ওঠে বুড়িগঙ্গায়। ৯ জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হয়নি নিখোঁজ শিশু
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সিএনজি চালক ফাহাদুল আলমের আঠারো মাসের ছোট্ট শিশু মেয়ে রাইসা ইসলামকে নিখেঁাজের পরে দীর্ঘ সময়েও উদ্ধার করতে পারেনি ফতুল্লা থানা পুলিশ। নিখেঁাজ মেয়ের সন্ধানের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ফাহাদুল আলম। ২ জুন এই মানববন্ধন করা হয়। নিখেঁাজের পর পরই ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন ফাহাদুল আলম যা পরবর্তীতে পিবিআইয়ে হস্তান্তর করা হয়।
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
৮ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হন।
ফতুল্লায় পুলিশের গুলি-টিয়ারশেল
২৯ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লার আকবর নগরে তুচ্ছ ঘটনায় সামেদ আলী বাহিনী ও শওকত আলী চেয়ারম্যানর আর্শীবাদ পুষ্ট জাকির বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।