নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে যানবাহনে ডাকাতির চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আরিফুল ইসলাম (২০), সজিব মিয়া (১৯) ও সোহেল (২৫)।
ফতুল্লা মডেল থানার ওসি জানান, যানবাহনে ডাকাতির প্রস্তুতির সময় ধারালো দেশীয় অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করা হয়। ওই সময় ডাকাতিতে রাজু প্রধানসহ ১৪/১৫ জন ছিল। তারা পালিয়ে গেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাবাদ করা হলে তারা রাজুসহ ৬ জনের নাম বলতে পেরেছে। এঘটনায় মামলা হয়েছে। এছাড়া রাজু প্রধানের বিরুদ্ধে আরো একাধীক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ফতুল্লার দেওভোগ বঁাশ মুলি এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস যাবত দফায় দফায় রাজু প্রধান ও সাললু বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধীক দোকান ও বাড়ি ঘর কুপিয়ে ভাংচুর করেছে উভয় বাহিনীর সন্ত্রাসীরা।
এছাড়া ছুরিকাঘাতে আহত হয়েছে উভয় বাহিনীর সদস্য সহ সাধারন এলাকাবাসী। এতে গত এক মাসে দুই বাহিনীর বিরুদ্ধে একাধীক মামলা হয়েছে। এরমধ্যে উভয় বাহিনীর সদস্যরা গ্রেফতার হলেও ধরাছোয়ার বাহিরে রয়েছে রাজু প্রধান।