ফাহাদুল ইসলাম, সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে তার মেয়ে (ছদ্মনাম পপি) বাড়িতে একা থাকাকালে একই এলাকার রাব্বি ও তার সহযোগী সিফাত জোরপূর্বক শ্লীলতাহানি ও নির্যাতন চালায়।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন— রবি (২৩), সিফাত (২২), ফজলুল হক (৫০)সহ আরও কয়েকজন। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বাদীর অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা প্রভাবশালী ও সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন তারা বাড়িতে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৯(৪)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।