ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, বন্দর ও রূপগঞ্জ থানায় দায়ের করা ১৬ মামলার আসামী তাওলাদকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। গত কয়েকদিন ধরে তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। তাওলাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। সন্ত্রাসী তাওলাদকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে তিন উপজেলার ১০ গ্রামের মানুষ অভিযোগ দায়ের করেছেন।
তাওলাদের আতংকে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে গ্রেপ্তারের জন্য আবেদন করেন। এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাসী তাওলাদ প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। সে এলাকায় ত্রাস সৃষ্টি করে অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, তাওলাদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তাওলাদ বন্দর উপজেলার মুরাদপুর এলাকার মৃত আফসারউদ্দিনের ছেলে। বর্তমানে সে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করে।
জানা যায়, ২০০৩ সালে বন্দর থানার মদনপুর এলাকার তার আপন বোন রেহেনা বেগম ও বোন জামাই নুরা মিয়াকে হত্যার অপরাধে তার বিরুদ্ধে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সে জোড়া খুন মামলার আসামী। এমামলাসহ বন্দর থানায় ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে। রূপগঞ্জ থানায় ২০১২, ২০১৪ ও ২০১৮ সালে তিনটি হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে। সোনারগাঁ থানায় ২০২১ সালে ১১ ডিসেম্বর একটি অস্ত্র আইনে ১টি মামলা দায়ের করা হয়। তিন থানার ১৬টি মামলার মধ্যে ১৫টিতে সে জামিনে থাকলেও সোনারগাঁ থানায় দায়ের করা অস্ত্র মামলায় এখনো জামিন নেননি।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net