বিশেষ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকিয়া প্রেমিকের দ্বারা স্বামী হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। এ ব্যাপারে অভিযুক্ত হাকিম মোল্লা একাই ভিকটিম নাদিম আকন্দ (৩৬) কে হত্যা করেছে বলে পুলিশের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। অপর দিকে শুক্রবার ভোরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরিফ এর বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় শনিবার ১৭ অক্টোবর ) দুপুরে আড়াইহাজার থানায় স্থানীয় সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিং দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে মেহেদী ইসলাম জানান, শুক্রবার সকালে উপজেলার দড়িসত্যভান্দি এলাকায় বাসার ভিতরে একটি বস্তাবন্দী লাশ থাকার সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে সন্দেহ হলে পুলিশ হাকিম মোল্লা নামের একজনকে সন্দেহ করে তদন্ত শুরু করে। ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই পুলিশ সন্ধিগ্ধ হাকিম মোল্লা (৩০) কে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হাকিম মোল্লা পরকীয়া সম্পর্কিত কারণে ভিকটিমকে একাই মরিচ বাটার পুতা দিয়ে মাথায় আঘাত করে এবং পরে রশি দিয়ে পেচিয়ে শ্বাসরোধে ভিকটিমকে হত্যা করে বস্তাবন্দী করে রেখে পালিয়ে যায় বলে স্বীকার করে। মেহেদী ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে । সে নড়াইল জেলার বাসিন্দা এবং ভিকটিম নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের পুত্র। তারা একই এলাকায় ভাড়া বাসায় থাকত।
ব্রিফিং এর অপর অংশে মেহেদী ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি ভিপি শরীফকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর আড়াইহাজার থানার একটি নিয়মিত মামলায় তাকে আদালত রিমান্ডে পাঠালে জিজ্ঞাসাবাদের সময় তার জিম্মায় উপজেলার কৃষ্ণপুরা এলাকায় তার নিজ বাড়ীতে একটি অস্ত্র আছে বলে পুলিশকে জানায়। পুলিশ তাকে সঙ্গে নিয়ে তার দেখানো স্থান থেকে পলিথিনে মেড়ানো একটি ম্যাগজিন ও গুলি বিহীন বিদেশী পিস্তল উদ্ধার করে। প্রেস ব্রিফিং দেয়ার সময় আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন ও সেকেন্ড অফিসার এস আই জহিরুল উপস্থিত ছিলেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net