সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নজরুল ইসলাম ও খোকন আহমেদ নামে দুজন জমির মালিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদার দাবিতে গত সোমবার সকাল ১১টায় সাইনবোর্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
অভিযোগ উঠেছে, ফতুল্লার ভূঁইঘর এলাকার কাজী আব্দুস সামাদের ছেলে চাঁদাবাজ আব্দুস সাত্তার (৫০), রুহুল আমিনের ছেলে সাকিব (৪১) ও মাসুদসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের একটি বাহিনী অতর্কিত হামলা চালায়। তারা জমিতে নির্মাণ করা বেড়া ভাঙচুর ও বিভিন্ন নির্মাণসামগ্রী লুট করে। এ সময় বাধা দেওয়ায় জমির মালিক নজরুল ইসলাম ও খোকন আহমেদকে মারধর করা হয়।
ভুক্তভোগী জমির মালিক নজরুল ইসলাম জানান, সাইনবোর্ড এলাকায় আমাদের জমিতে কাজ শুরু করলে চাঁদাবাজ আব্দুস সাত্তার বাধা দেন। কারণ জানতে চাইলে তিনি ২ কোটি টাকা চাঁদা দাবি করেন। তাকে চাঁদা না দিয়ে জমিতে কোনো ধরনের কাজ করা যাবে না বলে হুমকি দেন। চাঁদা দিতে আপত্তি করায় দলবল নিয়ে হামলা চালান। তিনি আরও জানান, বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়ার ভাগ্নে পরিচয় দিয়ে চাঁদাবাজ আব্দুস সাত্তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের জমিতে কাজ করতে গেলে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন। দেশের পটপরিবর্তনের পরও আব্দুস সাত্তারের ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।
ভুক্তভোগী জমির মালিক খোকন আহম্মেদ জানান, চলতি বছরের গত ২৭ মে জমিতে উন্নয়নমূলক কাজ করতে গেলে চাঁদাবাজ আব্দুস সাত্তার, সাকিব ও মাসুদ তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটপাট করে। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। একই কারণে গত ৯ আগস্ট হামলা চালানো হয়। দাবীকৃত ২ কোটি টাকা না দিলে জমিতে কাজ করতে দেওয়া হবে না বলে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি মেরে লাশ জমিতেই মাটিচাপা দেওয়ার হুমকি দেয়। ঘটনার পর থেকে আমরা জমির মালিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন খোকন আহমেদ।
অভিযোগ রয়েছে, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ২০২২ সালের ১২ মার্চ ফতুল্লার শান্তিধারা এলাকার বাসিন্দা কাউসার আহমেদের উপর হামলা চালায় চাঁদাবাজ কাজী আব্দুস সাত্তার বাহিনী। সেই হামলার কথা স্বীকার করে কাউসার আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে মানুষের উপর অত্যাচার-নির্যাতন ও অন্যের জমি দখলের উৎসব চালিয়েছিল আব্দুস সাত্তার, ঠিক এখনো তিনি একই কায়দায় বীরদর্পে অপকর্ম করে বেড়াচ্ছেন। তাছাড়া সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতাল মালিকের কাছে আব্দুস সাত্তার ৫ কোটি টাকা চাঁদা দাবি করে আসছেন বলে জানান একই এলাকার জয়নাল আবেদীন। চাঁদা না পাওয়ায় হাসপাতালটি বন্ধ করে দেওয়ার হুমকিও দিচ্ছেন তিনি।
রঘুনাথপুর এলাকার আরেক বাসিন্দা নজরুল ইসলাম জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিন মিয়ার ভাগ্নে পরিচয়ে চাঁদাবাজ আব্দুস সাত্তার এলাকায় তার বাহিনী নিয়ে চাঁদাবাজি, জোরপূর্বক মানুষের জমি দখলসহ নানা রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়ে নিরীহ জনগণের উপর অত্যাচার চালাত। কেউ প্রতিবাদ করলে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত কাজী আব্দুস সাত্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, "আমি এমন একটি ঘটনার কথা শুনেছি, তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net