
বিশেষ প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পশুর হাটের ইজারা দেয়। সিটি কর্পোরেশনের দেয়া শর্ত অনুযায়ী নির্ধারিত স্থান ব্যতিত সড়ক, মহাসড়ক কিংবা জোর পূর্বক অন্য কারো জায়গায় হাট বসানো যাবে না এবং ময়লা আবর্জনা পরিস্কার রাখতে হবে। এসব কোন শর্তই মানছে না নাসিক ১নং ওয়ার্ডের সিআই খোলা এলাকার পশুর হাটের ইজারাদার।
সিদ্ধিরগঞ্জে ডিএনডি সৌন্দর্য্য বর্ধনের এক কিলোমিটারেরও বেশি এলাকা দখলে নিয়ে গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে গরুর হাট কর্তৃপক্ষের। শতকোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের অধীনে ডিএনডি খালের পশ্চিম পাড়ে জমিতে সীমানা প্রাচীর নির্মাণ ও লাইট পোষ্ট স্থাপন করে খালের সৌন্দর্য্য বর্ধনের কাজ চলমান রয়েছে। আর ডিএনডি প্রকল্পের লেকের পাড় দখল করে অবৈধ পশুর হাট বসিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ।
প্রকল্পের স্থানে লাগানো গাছ কেটে গরুর হাট বসানো হয়েছে। গাছ কেটে ও পাড়ের সৌন্দর্য্য নষ্ট করে হাট বাসনোর কারণে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে কোরবানীর পশুর হাটের জন্য নাসিক ১নং ওয়ার্ডের আবাসিক এলাকার সিআই খোলা বালুর মাঠের নামে ইজারা আনলেও অবৈধভাবে এখন ডিএনডিম শত কোটি টাকার প্রকল্পের লেকের পাড় দখল করে গরুর হাট বসিয়েছেন।
শুক্রবার (১৪ জুন) সরেজমিনে গেলে দেখা যায়, সিআই খোলা হাটের ইজারাদার মহল্লার ভিতরের বিভিন্ন রাস্তার উপর হাট বসানো হয়েছে। এছাড়াও হাট বসানো হয়েছে ডিএনডি ক্যানেলের পশ্চিম পাড়ে। ডিএনডি খালের সৌন্দর্য্য বর্ধন প্রকল্পের অধীনে লাগানো গাছ কেটে কোন কোন স্থানে সীমানা প্রাচীর ভেঙ্গে এসব স্থানে গরুর হাট বসানো হয়েছে। গরু ও মানুষের চলাচলের কারণে এসব স্থানের খালের পাড়ের মাটি ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি, পশুর হাটের জন্য সিআই খোলা এলাকা ইজারা আনলেও ডিএনডি খালের পাড়ে হাট বসানো অবৈধ। এসব স্থানের সৌন্দর্য্য রক্ষায় সিটি কর্পোরেশনকে উদ্যোগ নেয়ার দাবী জানান স্থানীয়রা।
এছাড়াও আবাসিক এলাকার মহল্লার ভিতরে পশুর হাট বসার কারণে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে। পশুর ময়লা আবর্জনার দুর্গন্ধে এলাকায় বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। এতে এলাকায় চলছে সমালোচনা। বিরাজ করছে ক্ষোভ।
স্থানীয় সূত্রে জানায়, সিআই খোলা আবাসিক এলাকায় সড়ককে বালুর মাঠ উল্লেখ করে মিথ্যা নাটক সাজিয়ে পশুর হাটের ইজারা নিয়েছেন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের ভাগিনা মো: সালাম। হাটটির ইজারাদার মো: সালাম হলেও মূলে রয়েছেন কাউন্সিলর আনোয়ার ইসলাম। একজন জনপ্রতিনিধি হয়ে এ কাউন্সিলর সড়ক দখল করে পশুর হাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছেন।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিটি করপোরেশনের অর্থায়নে নির্মিত আরসিসি ঢালাই করা জনবহুল সড়কের বিভিন্ন স্থানে গর্ত করে বাঁশের খুঁটি লাগিয়ে গরু রেখে দখল করা হয়েছে চলাচলের রাস্তা।
একই সঙ্গে ডিএনডি সেচ খালের পাড়ে সৌন্দর্য বর্ধনে লাগানো কিছু গাছ কেটে ও লেকের পাড় গ্রিলের সাথে বেঁধে রাখা হয়েছে গরু এবং সড়কের উপর বেঁধে রাখা হয়েছে বহু গরু। ফলে এ সড়ক দিয়ে যানবাহন ও জনচলাচল অসম্ভব হয়ে পড়ছে।
সিআই খোলা হাটের ইজারাদার মো: সালাম এবং নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামকে একাধিককার ফোন করেও পাওয়া যায়নি। নাসিক ১নং ওয়ার্ডবাসী এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হস্তক্ষেপ কামনা করছেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net