সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় চাঁদা চেয়ে তানজীম কবির সজিবের মালিকানাধীন বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর করে দোকানের ক্যাশ থেকে নয় লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা টুটুল (৩৮) ও তার বাহিনীর বিরুদ্ধে।
এসময় তাদের বাঁধা দিতে গেলে উক্ত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্বে থাকা মো: কাওসার হামিদ (৩৬) ও তার সহযোগী মোঃ জাহিদুল ইসলাম জয় (১৭) কে এলোপাতাড়ি ভাবে মারপিট করে ও দেশীয় অস্ত্র রামদা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (৮ মার্চ) সন্ধ্যা সাতটার সময় সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী গ্যসলাইন এলাকায়।
হামলার ঘটনায় বুধবার রাতেই বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মো: কাওসার হামিদ বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ (অভিযোগ নং- ১৩৮১) দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, সাইলো রোড এলাকার সিরাজুল হকের ছেলে বিএনপি নেতা ও অর্থ যোগানদাতা টুটুল (৩৮), মিজমিজি গাগলাবাড়ী এলাকার আবু সাইদের ছেলে টাইগার ফারুক (৪৪), একই এলাকার আব্দুর রউফ ওরফে কুট্টির ছেলে বাবু (৩০), কদমতলী গ্যাসলাইন এলাকার ফরিদ উদ্দিন সানার ছেলে আব্দুল মোমেন ওরফে সানা (৩২) ও মিজমিজি পাগলাবাড়ী এলাকার মিলন (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় তানজীম কবির সজিবের মালিকানাধীন বাড়ী ও দোকানপাটের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেন অভিযুক্ত টুটুলের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে তানজীম কবির সজিবের সহিত বিরোধ চলছে।
উক্ত বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যা ৭ টার সময় বেআইনিভাবে টুটুল ও তার বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে লোহার রড, কাঠের ডাসা, চাপাতি, ধারালো রাম দাঁ নিয়ে উক্ত বাড়ীতে অনাধিকার প্রবেশ করে চাঁদা চেয়ে দোকানপাটে হামলা চালায় এবং বিভিন্ন দোকাপাট ভাংচুর করে।
ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করায় প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, দোকানপাট ভাংচুরের এক পর্যায়ে দ্বিতীয় অভিযুক্ত টাইগার ফারুকের নির্দেশে দোকানপাটের মধ্যে মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামক দোকানে প্রবেশ করে দোকানে কর্মরত লোকজনদের মারধর করে ও অকথ্য ভাষায় গালাগালি করে বের করে দেন। এসময় তৃতীয় অভিযুক্ত বাবু ও পঞ্চম অভিযুক্ত মিলনসহ অন্যান্যরা দোকানের ক্যাশ ভাংচুর করে ক্যাশে থাকা নগদ নয় লাখ টাকা লুট করে নিয়ে যায়।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে ভুক্তভোগী ও তার সহযোগী মোঃ জাহিদুল ইসলাম জয় ঘটনাস্থলে আসলে সকল অভিযুক্তরা তাদের এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় এর প্রতিবাদ করলে তৃতীয় অভিযুক্ত বাবু তার হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে মোঃ জাহিদুল ইসলাম জয়ের মাথায় কোপ দিতে গেলে জয় নিজেকে রক্ষা করলে উক্ত চাপাতির কোপ এসে তার ডান হাতে লেগে মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়।
এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দ্বিতীয় অভিযুক্ত টাইগার ফারুক প্রতি মাসে জমির ভাড়া বাবদ তাদেরকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া নেওয়া বন্ধ করে দেওয়াসহ এলাকায় বসবাস করতে পারবেনা বলে হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়দের সহযোগিতায় গুরুতর রক্তাক্ত জখম জয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net