রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া এলাকায় সফর আলী নামের এক কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে ।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক সফর আলী বৃহষ্পতিবার (২৩ ফেব্রুয়ারী) আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামের কৃষক সফর আলী জানান, তিনি সেচ ও হালের মেশিনের মাধ্যমে এলাকার অন্যান্য কৃষকদের জমি চাষ করেন ও সেচ দিয়ে থাকেন। সেই সঙ্গে তিনি নিজের কতক সম্পত্তিতে পেঁয়াজের বীজতলা তৈরী করেন।
তিনি ১৮ ফেব্রুয়ারী একই এলাকার কৃষক আজগর আলীর জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। এ সময় একই গ্রামের বাচ্চু মিয়া এসে তার চাষ কাজে বাধা দেয়। সফর আলী তার বাধা না মেনে ওই জমি চাষ করায় ক্ষিপ্ত হয়ে বাচ্চু মিয়া
ওই দিন রাতে অপরাপর লোকজন নিয়ে এসে তার পেঁয়াজের বীজতলার ফুল সমৃদ্ধ সকল পেঁয়াজের গাছ দা কাস্তে দিয়ে কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করে।
এলাকার ইউপি সদস্য তোফাজ্জল বলেন, বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার করা প্রয়োজন। তা না হলে কৃষকেরা যে কোন সময় একে অপরের এ রকম ক্ষতি সাধন করতেই থাকবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net