নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাড়িতে গভীররাতে অভিযান চালিয়েছে পুলিশ। তাকে না পেয়ে তার কলেজ পড়–য়া ছোট ছেলে রোবায়েত ইশফাক প্রীতমকে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে তাকে পুলিশের দায়ের করা পূর্বের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে আদালতে পাঠানো হয়। এরআগে বুধবার দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় রবির বাড়িতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। এ সময় বিএনপি নেতা রবিকে না পেয়ে ছেলে প্রীতমকে আটক করা হয়। ২০ বছর বয়সী প্রিয়তম নারায়ণগঞ্জ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র৷
বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি জানান, গভীর রাতে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য আমার বাড়ি ঘিরে ফেলে। এসময় তারা বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে শুরু করে।
বাসায় তল্লাশি চালিয়ে সেখানে আমার কোনো সন্ধান না পেয়ে আমার ছোট ছেলে প্রিয়তমকে ধরে নিয়ে চলে যায় পুলিশ। এসময় পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার করে তারা এবং আমার বাড়িঘর ভাংচুর ও তছনছ করে।
তিনি আরও বলেন, গত এক মাসে জেলার বিভিন্ন থানায় যেসব মামলা হয়েছে, সেগুলোতে তিনি আসামি নন। আগের মামলাগুলোতেও তিনি জামিনে রয়েছেন।
রবি বলেন, তার দুই ছেলের কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না৷ তাদের নামে কোনো থানায় কোনো জিডি কিংবা মামলাও নেই৷ মূলত আমাকে না পেয়ে পুলিশ আমার ছেলেকে নিয়ে গেছে।
মনিরুল ইসলাম রবির সহধর্মিনী নিলুফার ইয়াসমিন বলেন, রাতে শতাধিক পুলিশ বাসায় এসে আমার ছোট ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। তাহলে কেনো পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে গেলো?
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুন্ডুবাদী হয়ে বিএনপি-জামায়াত ও গণঅধিকার পরিষদের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে ১ ডিসেম্বর বিস্ফোরক আইনে একটি মামলা (যার নং-২) করেন ।
ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে বিএনপি নেতা মনিরুল ইসলাম রবির ছোট ছেলেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালত পাঠানো হয়েছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net