নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ নির্বাচনকে নিয়ে জেলার অন্যান্য উপজেলা বিএনপর রাজনীতি যে মুহুর্তে সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন আর ফতুল্লা বিএনপির রাজনীতিতে বিরাজ করছে এর উল্টো চিত্র। আন্দোলনতো দূরের কথা বরং সম-সাময়িক দলীয় কর্মসূচী পালন করতেও তাদের দেখা যায়নি। এমনকি ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির অনেক নেতৃবৃন্দকেই মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ চিনেন না বলেও সাধারন কর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
শিল্পাঞ্চল অধ্যুষিত গুরুত্বপূর্ণ এ এলাকায় বিএনপির অবস্থা যদি এমন চলমান অবস্থায় থাকে তাহলে ফতুল্লায় বিএনপির রাজনৈতিক ভবিষৎ অনিশ্চয়তার পথে ধাবিত হচ্ছে বলে ধারনা করছেন রাজনৈতিক বিশ্লেষকমহল।
নির্বাচনের আগ মুহুর্তে আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগী ও রাজপথের নেতৃবৃন্দের সমন্বয়ে শক্তিশালী থানা বিএনপি গঠন করার দাবি উঠেছে তৃনমূল বিএনপির পক্ষ থেকে। অন্যথায় এক সময়ের বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ফতুল্লার মাটিতে বিএনপির অস্তিত্ব টিকেয়ে রাখা সম্ভব হবে না বলে ধারনা করা হচ্ছে দলীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে। অপরদিকে, দীর্ঘদীন ধরে ফতুল্লায় বলয় ভিত্তিক বিএনপির রাজনীতি পরিচালিত হয়ে আসায় বিভক্তির মধ্যে রয়েছে দলীয় নেতা-কর্মীরা। এমন অভিযোগে ফতুল্লা বিএনপির আহ্বায়ক কমিটির উপর নাখোশ দলীয় হাইকমান্ড।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ ফতুল্লা থানা বিএনপির কমিটি নিয়ে চরম বিব্রত বোধ করছেন জেলার নেতারা। শুধু জেলা বিএনপির নেতারাই নন এই থানা কমিটি নিয়ে বিব্রত দলের কেন্দ্রও। দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে। দলীয় সুত্রমতে, জেলা বিএনপির অধীনস্থ ৮টি ইউনিট কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংঘর্ষের কারণে স্থগিত রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলন। আর ফতুল্লা থানা বিএনপির কমিটি নিয়ে কোনভাবেই দুই বলয়ের সমঝোতায় আনতে পারেনি জেলা।
নেতাকর্মীদের দেয়া তথ্যমতে, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল থানা বিএনপির একটি শক্তিশালী বলয় নিয়ন্ত্রণ করেন। তার অনুগত নেতাকর্মীরা পুরো থানার সকল ইউনিটে রয়েছে। তিনি নিজেও দলের সকল কর্মসূচীতে নেতাকর্মীদের নিয়ে শক্তি প্রদর্শন করে থাকেন।
ফতুল্লা থানা বিএনপি কমিটি ঘোষণার পর একাধিকবার সবাইকে নিয়ে একতাবদ্ধ হয়ে দলীয় কার্যক্রমের চেষ্টা করলেও অপর নেতাদের কারণে তা সম্ভব হয়নি। অন্য বলয়ে রয়েছেন থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু। দলের বিভিন্ন কর্মসূচীতে সর্বশক্তি নিয়ে উপস্থিত থাকছেন তিনি। তিনিও থানা বিএনপির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে থাকেন। জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা একাধিকবার থানা বিএনপির নেতাদের ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
পরবর্তীতে কেন্দ্রের কাছে বিষয়টি গেলে কেন্দ্রও বিষয়টি নিয়ে বিব্রত হয়। যদি কোনভাবেই সবাইকে এক করা সম্ভব না হয় তাহলে কেন্দ্র থেকেই থানা বিএনপির কমিটির সিদ্ধান্ত আসবে বলে জানানো হয়েছে দল থেকে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net