নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাইয়ুম (২২) নামে এক নির্মাণ শ্রমিককে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানবন্ধন করেছেন এলাকার সর্বস্তরের মানুষ। তারা শুক্রবার ( ২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী মদনগঞ্জ সড়কের ইদবারদী বাসষ্ট্যান্ডে অবস্থান নিয়ে প্রথমে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেন এবং পরে সড়কের দুই পাশে ব্যানর নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন করেন।
এ সময় তারা নির্মাণ শ্রমিক কাইয়ুম হত্যার সকল আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবী করে নানা প্রতিবাদ মূলক বক্তব্য প্রদান করেন। পরে থানা পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের ও সকল আসামীদের গ্রেফতারের আশ্বাসের পর তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হেকিম ভূঁইয়া, তানসেন ভূঁইয়া, মালেক মেম্বার, মুকুল ভূঁইয়া, দেলোয়ার হোসেন, সোয়েব, মাসুদ, অপু, শফিকুল, মামুন, আজগর এবং আশরাফ প্রমুখ। বক্তারা হত্যাকারীদেরকে এলাকার মাদক ব্যবসায়ি, মাদকসেবী, ছিনতাইকারী উল্লেখ করে বলেন, তারা আমাদের শান্ত এলাকাটাকে এ সমস্ত অপকর্ম করে এবং সর্বশেষ কাইয়ুমকে হত্যা করে অশান্ত করে তুলেছে। আমরা গ্রেফতারকৃত আসামী হিমেলসহ সকল আসামীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।
প্রসঙ্গত, ২৭ আগষ্ট ( শনিবার) সকাল সাড়ে ৬টার দিকে ইদবারদী গ্রামের মোজাম্মেলের ছেলে নির্মাণ শ্রমিক কাইয়ুম নরসিংদী মদনগঞ্জ সড়কের ইদবারদী বাসষ্ট্যান্ডের একটি দোকানে নাস্তা আনতে যায়। এমন সময় অজ্ঞাত ২/৩ জন যুবক তার কাছে আসে এবং একজন তাকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত চলে যায়।
ফলে ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়। তবে ঘটনা শেষে পালিয়ে যাবার সময় এলাকাবাসি বালিয়াপাড়া গ্রামের আবুল বাসারের ছেলে হিমেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ আরও একজন আসামীকে গ্রেফতার করে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net